নাজিম আক্তার, মালদা: কয়েকদিনের বৃষ্টিতে নদীতে বেড়েছে জলস্তর। এবার জলের প্রবল চাপে ভাঙল গঙ্গার বাঁধ। বৃহস্পতিবার মাঝরাতে মালদার ভূতনিচরের কেশরপুরে গঙ্গার বাঁধের প্রায় ৪০ মিটার অংশ ভেঙে পড়েছে। বানভাসি হওয়ার আতঙ্কে রয়েছেন চরের লক্ষাধিক মানুষ। রাত থেকেই ঘটনাস্থলে কাজ শুরু করা হয়েছে বলে জানান সেচ দফতর।তবে এই বাঁধ রক্ষা করা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এলাকাবাসীর মনে। নদীর জলস্তর বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার সকালেও চরম বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জলস্তর। জলের চাপেই গতকাল রাতে মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কেশরপুরে গঙ্গার বাঁধের অংশ ভেঙে যায় বলে খবর। ভাঙা বাঁধের অংশ দিয়ে হু হু করে জল ঢুকতে শুরু করে গ্রামে। এই পরিস্থিতিতে এলাকাবাসীর ভরসা পুরোনো বাঁধ। ভাঙা বাঁধের ৫০০ মিটার ভিতরে একটি পুরোনো বাঁধ রয়েছে। তবে সেই বাঁধের পরিস্থিতি ভাল নয় বলেই জানা গিয়েছে।
কেশরপুর কলোনির বাসিন্দা সীতেশ মন্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বাঁধের অংশ ভেঙে গিয়েছে। প্রবল বেগে জল ভিতরে ঢুকছে। আসলে সময়মতো সরকার বাঁধ মেরামতির কোনও কাজ করেনি।বন্যা এলেই সেইকাজ শুরু হয়। কাজের মানও ভাল হয় না। বস্তায় মাটি ঠিকমতো থাকে না। বাঁধ ভেঙে যাওয়ায় আমরা আতঙ্কে রয়েছি। যে কোনও সময় আমরা তলিয়ে যেতে পারি। সবচেয়ে বড় সমস্যা, একদিকে গঙ্গার জল যেমন এলাকায় ঢুকতে শুরু করেছে, তার সঙ্গে ভাঙনও চলছে। তবে এখান থেকে ৩০০ মিটার ভিতরে পুরোনো একটি বাঁধ রয়েছে। এখন সেটাই ভরসা। সেটাকে দ্রুত মেরামত করলে হয়ত গঙ্গার জল আটকানো যাবে। নইলে ভূতনিবাসীর অবস্থা শোচনীয় হয়ে যাবে। এখনও পর্যন্ত প্রশাসনের কোনও আধিকারিককে এলাকায় দেখা যায়নি।

0 Comments