অনুপম দাস, কুমারগ্রাম, ৩১ আগস্টঃ নৌকায় চেপে নদী পার হয়ে দুয়ারে সরকার শিবিরে গেলেন বিডিও ও অন্য সরকারি আধিকারিক-কর্মীরা। মঙ্গলবার সকালে এই দৃশ্যই চোখে পড়ল কুমারগ্রাম ব্লকের অসম-বাংলা সীমানার মাঝেরডাবরিতে। এদিন ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝেরডাবরি হাই স্কুল ও মাঝেরডাবরি বিষ্ণুনগর কলোনি প্রাথমিক বিদ্যালয়ে দু’টি দুয়ারে সরকার শিবির করা হয়। অসম-বাংলা সীমানায় অবস্থিত মাঝেরডাবরি বিষ্ণুনগর কলোনি। দুর্গম ওই গ্রামে যাওয়ার একমাত্র ভরসা নৌকা। সংকোশ নদীর তীরে অবস্থিত বিষ্ণুনগরে যেতে হলে নৌকা চেপে সংকোশের শাখা নদী পার হতে হয়। তাই এদিন প্রশাসনের আধিকারিক-কর্মীরা নৌকায় চেপে গ্রামে পৌঁছে পরিষেবা দিলেন সাধারণ মানুষকে। এদিন সকালের দিকে কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার সহ অন্য আধিকারিক ও কর্মীরা নৌকা দিয়ে নদী পার হয়ে গ্রামে পৌঁছে যান। দুয়ারে সরকার শিবির থেকে প্রত্যন্ত ওই গ্রামের মানুষদের দেওয়া হয় পরিষেবা। এতে খুশি ওই গ্রামের সাধারণ মানুষ। কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার বলেন, ‘মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি।’

0 Comments