অরুণাচলে নিয়ন্ত্রণ রেখার পাশে সরব চিন! জবাব দিতে বফর্স সহ একাধিক অস্ত্রে প্রস্তুত ভারতীয় সেনা



প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ফের সক্রিয় হয়েছে চীনা সেনা। সতর্ক ভারতীয় সেনাও। এই জন্যই অরুণাচল প্রদেশ সীমান্ত বরাবর সেনা তৎপরতা বাড়িয়েছে ভারত। মোতায়েন করা হচ্ছে নানা ধরনের অস্ত্রও। তার মধ্যে রয়েছে কার্গিল জয়ের অন্যতম ব্রহ্মাস্ত্র বফর্স কামান, এম-৭৭৭ আল্ট্রালাইট হাউইৎজ়ার কামান ও অত্যাধুনিক অবতারে ফেরা এল-৭০ বিমানবিধ্বংসী বন্দুক।


ছবি সৌজন্য: আজতক বাংলা



এ দিকে, আজ ‘আধাসেনা ও পুলিশ শহিদ স্মৃতি দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ‘‘প্রতিবেশী দেশ আগ্রাসন দেখালে ছেড়ে কথা বলবে না ভারত। অতীতেও এমন মনোভাব বরদাস্ত করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না।’’ মনে করা হচ্ছে, চীনের উদ্দেশেই এই বার্তা দিয়েছেন রাই। ১৯৫৯ সালে ২১ অক্টোবর লাদাখের হট স্প্রিং এলাকায় সিআরপি বাহিনীর ১০ জওয়ানকে হত্যা করেছিল চীন সেনা। সেই ঘটনার স্মৃতিতে প্রতি বছর ‘পুলিশ শহিদ স্মৃতি দিবস’ পালন করা হয়।


ওই হামলার ষাট বছর পরেও আজ উত্তপ্ত রয়েছে লাদাখ। এক বছর আগেই নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা করেছে বেজিং। কেন্দ্রের দাবি, যথাসময়ে হামলা প্রতিহত করা গিয়েছিল বলে ভারতীয় জমি দখলে ব্যর্থ হয়েছে চীন। অন্য দিকে বিরোধীদের দাবি, এ যাত্রায় চীনা সেনার কাছে অন্তত কয়েক হাজার বর্গ কিলোমিটার জমি হারিয়েছে ভারত।

Post a Comment

0 Comments