যুক্তরাষ্ট্রের টেক্সাসের সংগীত উৎসবে ভিড়ে আটজন নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ড ও মাদক-সংশ্লিষ্ট বিভাগগুলো তদন্তে নামবে বলে জানিয়েছে পুলিশ। হাউস্টনের পুলিশ প্রধান ট্রয় ফিনার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) রাতে হাউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড সংগীত উৎসবে মানুষের প্রচণ্ড ভিড়ে আটজন নিহত হন। আরও অনেকে আহত হন। উৎসবে ৫০ হাজারের মতো দর্শক উপস্থিত ছিলেন। হতাহত ব্যক্তিদের বয়স ১৪ থেকে ২৭ এর মধ্যে।
পুলিশ জানিয়েছে, লোকজনকে সামলাতে ঘটনাস্থলে থাকা এক নিরাপত্তাকর্মীর ঘাড়ে ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশপ্রধান ট্রয় ফিনার বলেন, ওই নিরাপত্তাকর্মী এক ব্যক্তিকে আটকাতে যাচ্ছিলেন। তিনি অনুভব করেন তার ঘাড়ে কিছু ফুটিয়ে দেওয়া হয়েছে। পরে হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করা হয়। সেই সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। চিকিৎসা কর্মীরা তার ঘাড়ের কাছে কিছু ফুটিয়ে দেওয়ার চিহ্ন শনাক্ত করেন। তারা বলছেন, সেটি ইনজেকশন দেওয়ার চিহ্নের মতো।
হাউস্টনের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান স্যামুয়েল পেনা বলেন, শুক্রবারের ঘটনা তদন্তে ঘটনাস্থলে ধারণ করা ভিডিওগুলো খতিয়ে দেখা হবে এবং কী কারণে লোকজন সেদিন পরিস্থিতি এড়াতে পারেনি, তা তদন্ত করে দেখা হবে।
এবারের অ্যাস্ট্রোওয়ার্ল্ড সংগীত উৎসবে জনপ্রিয় র্যাপার ট্রাভিস স্কট উপস্থিত ছিলেন। এ সময় তাকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের দিকে ছুটে আসতে শুরু করে দর্শকরা। এ কারণে হুড়োহুড়িতে হতাহত হওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পর এক বিবৃতিতে ট্রাভিস স্কট পুলিশ ও জরুরি সেবা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পরে টুইটারে এক পোস্টে তিনি বলেন, এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা রয়েছে।
২০১৮ সাল থেকে প্রতিবছর অ্যাস্ট্রোওয়ার্ল্ড সংগীত উৎসব অনুষ্ঠিত হয়। তবে করোনা মহামারির জন্য গত বছর তা অনুষ্ঠিত হয়নি। এবারও হতাহত হওয়ার ঘটনার পর জনপ্রিয় এ উৎসবটি স্থগিত করা হয়েছে।
0 Comments