রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: সামনে আসানসোল পৌরনিগমে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগেই মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলায় বড়সড় ভাঙ্গন দেখা গেল বিজেপি ও সিপিএম শিবিরে। এদিন দুই শিবির থেকে প্রায় ৫০০ জন বিজেপি ও সিপিএম নেতা, কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এদিন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের হাত ধরে দল বলু ওই বিজেপি ও সিপিএম কর্মীরা হাতে তুলে নেয় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা।
এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বিজেপি জেলা সম্পাদক সোমনাথ চ্যাটার্জী, জেলার পর্যবেক্ষক রোজি চক্রবর্তী, আসানসোল দক্ষিণ বিধান সভার কৃষাণ মোর্চার সভাপতি ওমপ্রকাশ শর্মা, সহ সভাপতি মধু ঠাকুর, প্রাক্তন ও.বি.সি মোর্চার সভাপতি অশোক সাউ। পাশাপাশি সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে এদিন যোগদান করে তেজ নারায়ন সিং, সুব্রত রায় সহ আরো অনেকে। আর এই যোগদান প্রসঙ্গেই এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলেছে তা দেখে আজ প্রায় ৫০০ জন সিপিএম ও বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। পৌরনিগম নির্বাচনের আগে এই যোগদানে তৃণমূল কংগ্রেসকে জেলায় আরো শক্তিশালী করবে। পাশাপাশি তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে কেউ যদি দলে যোগ দিতে চায়, তবে তাকে দলে স্বাগত।
এই প্রসঙ্গেই এদিন দলবদলু এক বিজেপির কর্মী বলেন, বিজেপি মানে একটি সাম্প্রদায়িক রাজনীতিক দল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ সারা রাজ্যে দেখিয়ে দিয়েছে উন্নয়ন কাকে বলে। আজ বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে উপকৃত হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুন্দর চিকিৎসা পাচ্ছে বাংলার মানুষ। এখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুবিধাগুলি পাচ্ছে আর কী চাই এই দেখে আমার তৃণমূলে যোগ দিলাম।
এই প্রসঙ্গে সিপিএমের কর্মী সুব্রত রায় বলেন, সিপিএম হচ্ছে কমিউনিস্টদের পার্টি মানে তারা বলে গরীবদের জন্য তারা কিন্তু তা আর দেখা যাচ্ছে না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে উন্নয়ন করছে তা হচ্ছে আসল উন্নয়ন, আজ গরীব দের নিয়ে যা উন্নয়ন করছে তা দেখে আমার আজকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডার তলায় যোগদান করলাম। আর এদিনের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের কনভেনার শিবদাসন দাসু, তৃণমূল নেতা প্রবোধ রায় সহ আরও অনেকে।
0 Comments