২০২১ বিধানসভা নির্বাচনে ৫৭ ভোটে হারের বদলা উপনির্বাচনে ১ লক্ষ ৬৩ হাজারে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। তিনি তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে ১ লক্ষ্ ৬৩ হাজার ৭ ভোটে পরাজিত করেছেন। যা দিনহাটার যে কোন বিধানসভার ফলাফলের নিরিখে সর্বকালের রেকর্ড। উল্লেখ্য ৬ মাস আগেই ঘটে যাওয়া দিনহাটা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৫৭ ভোটে হেরেছিল সাংসদ তথা বর্তমানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের কাছে।
তবে সেদিনের সেই ফলাফলের পর বিস্তর জল বয়ে গেছে তোর্সার বুক ভরে। বিধায়ক হওয়ার পর নিশীথ প্রামানিক ইস্তফা দিলে আবার নির্বাচন অনুষ্ঠিত হয় দিনহাটা কেন্দ্রে। বিজেপির প্রার্থী হন অশোক মণ্ডল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় আস্থা রাখেন উদয়ন গুহের প্রতি। আর মুখ্যমন্ত্রীর সেই আস্থা যে এভাবে পূরণ হবে সেটা আন্দাজ করতে কেউ পারেনি। প্রচারে প্রায় প্রত্যেক তৃণমূল নেতাদের মুখে শোনা গিয়েছিল ৫৭ ভোটের বদলা ৫৭ হাজারে নিতে হবে। কিন্তু কে জানত সাধারণ জনগন ভাবছে তার থেকেও অনেক বেশি। তাইতো ফলাফলে দেখা গেল ৫৭ ভোটে হারের জবাব দিয়েছেন উদয়ন গুহ ১ লক্ষ ৬৩ হাজারে।
এদিকে ফলাফল ঘোষণা হতেই কার্যত উসবের চেহারা নিয়েছে দিনহাটা শহর। বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকরা আনন্দে মেতে উঠেছেন। কিন্তু বিজেপি পরাজয়ের থেকেও সবথেকে চাঞ্চল্য সৃষ্টি ছড়িয়েছে যে খবরে সেটা হল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের নিজের বুথেই পরাজিত বিজেপি। আর সেটাকে ইস্যু করে ইতিমধ্যেই টিপ্পনী কাটতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। তবে নির্বাচনের সময় থেকেই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আসলেও আজ জনতার রায়ে এটা স্থির হয়ে গেল দিনহাটা আবার উদয়নের হাতেই।
0 Comments