মুসলিম কন্যা বলা বিতর্কিত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস অপসারিত




উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে অপসারিত হলেন মহুয়া দাস। শিক্ষা সংসদের নতুন সভাপতি হতে চলেছেন চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে ছিলেন।চার বছরের জন্যে তাঁকে স্থায়ী সভাপতি পদে স্কুল শিক্ষা দপ্তর তরফে নিযুক্ত করা হল।

প্রসঙ্গত উল্লেখ্য,  এই বছরে করোনা পরিস্থিতি বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। পরীক্ষা ছাড়া বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ হওয়ায় এ বছর কোনও মেধাতালিকা ছিল না। তবে সর্বোচ্চ নম্বর জানায় সংসদ। আর তা বলতে গিয়েই সভানেত্রী মহুয়া দাস বলেছিলেন, “সর্বোচ্চ নম্বর ৪৯৯। পরিসংখ্যান যতটা দেখেছি, তাতে এই নম্বর একজনই পেয়েছে। মুর্শিদাবাদের এক মুসলিম কন্যা।” সংসদ সভাপতির এই মন্তব্য নিয়ে কার্যত তোলপাড় শুরু হয়।

এরপর থেকেই, এইভাবে ধর্মীয় পরিচয়ে একজন ছাত্রীকে পরিচিতি দেওয়া নিয়েই শুরু হয় বিতর্ক। বিভিন্ন মহল থেকে প্রতিবাদ আসতে শুরু করে, বিতর্ক ক্রমশ জোরালো হয়। পরবর্তীতে মহুয়াদেবী মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। বলেন, “আমি আবেগের বশে বলে ফেলেছি।”  

কিন্তু সেই বিতর্কের জেরেই এই অপসারণ কি না, তা নিয়ে কিছুই জানা যায়নি। যদিও ওই কারণেই, এই অপসারণ হয়েছে বলেই মনে করা হচ্ছে নানা মহলে।

এছাড়াও উচ্চ মাধ্যমিকের ফলবিভ্রাট নিয়ে তীব্র অশান্তি হয়েছে রাজ্যে। জেলায়  জেলায় বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। রিভিউতে বহু পড়ুয়ার নম্বর বেড়েছে। যার জেরে প্রশ্ন উঠেছিল সংসদের ভূমিকা নিয়ে।

Post a Comment

0 Comments