নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: ভ্যাকসিন পাচ্ছেন না পরিযায়ী শ্রমিকরা। এদিকে ভ্যাকসিন না নিলে উঠতে পারবেন না ট্রেনে। ফলে ফিরে যেতে পারছেন না নিজেদের কর্মস্থলে। এদিকে কাজ না করলে চলবে না সংসার। তাই চরম বিপাকে তারা। ভ্যাকসিন নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অনলাইন পোর্টালে স্লট করতে হবে। কিন্তু প্রায় প্রত্যেক দিন বুকিং করার চেষ্টা করলেও বুক হচ্ছে না। অভিযোগ মিনিটের মধ্যে বুকিং শেষ হয়ে যাচ্ছে। আবার কখনো হচ্ছে সার্ভার সমস্যা। পরিযায়ী শ্রমিক দের অনেকের কাছেই নেই অ্যান্ড্রয়েড ফোন। ফলে ভ্যাকসিনের অনলাইন বুকিং করানোর জন্য তাদের যেতে হচ্ছে পার্শ্ববর্তী বিভিন্ন কম্পিউটার সেন্টার বা ক্যাফেতে। সেখানে গিয়ে সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে তারা। কিন্তু তারপরেও হচ্ছে না বুকিং। প্রত্যেকদিন স্লট বুকিং না করিয়েই আবার হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। এদিকে রয়েছে কর্মস্থলে ফিরে যাওয়ার তাড়া। কারণ তাদের কাজের উপরেই চলে তাদের সংসার। সঠিক সময়ে যেতে না পারলে রয়েছে কাজ হারানোর ভয়। সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন মালদহের হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকরা। দিনের পর দিন এইভাবে ভ্যাকসিনের জন্য ঘুরতে হওয়াই ক্ষুব্ধ পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের লোকেরা। প্রশ্ন তুলছেন সরকার যখন নিয়ম করেছে ভ্যাকসিন ছাড়া ট্রেনে বাসে ওঠা যাবে না তাহলে ভ্যাকসিন পাওয়ার সঠিক ব্যবস্থা থাকছে না কেন? যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মন্ডল জানাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন দেওয়া হচ্ছে হরিশ্চন্দ্রপুর জুড়ে। কিন্তু যা সিস্টেম তার মধ্যেই দিতে হবে। অনলাইনের কিছু সমস্যা হলে সেটা তো তাদের কিছু করার নেই।

0 Comments