জলের চাপে ভেঙে গেলো কাল্লা সেতুর রাস্তা





রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: ঘূর্ণাবর্তের হাত ধরে গত বুধবার রাত থেকে অতিভারি বৃষ্টির জেরে কার্যত বেহাল অবস্থা পশ্চিম বর্ধমানের আসানসোলের। আর এবার সেই বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতির জেরে আসানসোলে ভেঙে গেলো একটি সেতু সংলগ্ল রাস্তা। জানা গেছে আসানসোল পৌরনিগমের অন্তর্গত-১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাল্লা সেতুর রাস্তা ভেঙে যায় অতিরিক্ত বৃষ্টির তোরে। রাজ্য সরকারের পক্ষ থেকে মার্চ মাসে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল ওই সেতু ও রাস্তার। কিন্তু ২৪ ঘন্টার বৃষ্টি আর সেই জলের তোড়ে কার্যত ভেঙে গেলো গোটা রাস্তার একটা অংশ। 


শুধুমাত্র রাস্তাই নয় রাস্তা পাশাপাশি থাকা বেশ কয়েকটি বাড়িও ভেঙে পড়ে ও বাড়ির জিনিসপত্র জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে। পাশাপাশি ভেঙে পড়েছে বেশকিছু মাটির বাড়িও। স্থানীয়দের অভিযোগ শুক্রবার বেলা বারোটা পর্যন্ত কোন সহযোগিতাই পায়নি বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। আর এর জেরেই বন্ধ হয়ে পড়েছে আসানসোলের সাথে দোমানির যোগাযোগ ব্যবস্থা। 



এদিকে এই এলাকাতেই রয়েছে ইসিএলের কাল্লা হাসপাতাল। সেখানেও পরিসেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় তৃণমূল নেতা অরূপ মন্ডল জানান সকলকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন আমরা থাকতে কারও অসুবিধা হতে দেবো না। পি ডব্লিউ ডি এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার দেবেশ ভট্টাচার্য বলেন আমরা রাস্তা মেরামত করার জন্য তৈরি। দ্রুত কাজ শুরু করে আপাতত ছোটো যানবাহন যাতায়াত করার ব্যবস্থা করছি।

Post a Comment

0 Comments