রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠলো জামুড়িয়া শিল্প তালুক। জানা গেছে গতকাল রবিবার সন্ধ্যায় একাটি স্পঞ্জ আয়রন কারখানা গেটের সামনে ওই কারখানার মালবাহী ট্রাক একটি মোটর বাই্কে ধাক্কা মারে। আর এর পরেই মোটর বাইক থাকা ওই যুবক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
জানা গেছে মৃতের ওই যুবকের নাম কৌশিক চক্রবর্তী। সে রানীগঞ্জের গির্জা পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। পাশাপাশি জানা গেছে মৃত ওই যুবক জামুড়িয়ার একটি বেসরকারি কারখানাতে কর্মরত ছিল।
এদিকে দূর্ঘটনার খবর পাওয়ার পরই উত্তেজিত হয়ে পড়ে জনতা। পাশাপাশি একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগ আসে তাদের বিরুদ্ধে। এদিকে স্থানীয়দের অভিযোগ, রাস্তার দুধারে কারখানার পণ্যবাহী লরি গুলিকে দাঁড় করিয়ে রাখার ফলেই বারবার এধরনের দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি স্থানীয়রা কারখানার গেটের সামনে প্রতিবাদ জানালে কারখানার ভেতর থেকে তাদের উপর ইটপাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। তাদের অভিযোগ কারখানার বেশকিছু নিরাপত্তারক্ষী তাদেরকে লাঠি দিয়ে মারধর করে।
স্থানীয়দের মারধরের খবর ছড়িয়ে পড়তেই আশপাশ এলাকার প্রচুর মানুষ জড়ো হয় ওই এলাকায়। আর এরপরেই স্থানীয়রা প্রায় দশটিরও বেশি লরি ভাঙচুর করে বলে অভিযোগ। এদিকে এঘটনার পরেই ঘটনাস্থলে এসে পৌছায় জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী, তারাই এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আসানসোল জেলা হাসপাতালে।
0 Comments