দীর্ঘ টালবাহানার পর অবশেষে নতুন প্রধান পেল গীতালদাহ ১ গ্রাম পঞ্চায়েত। নতুন প্রধান হিসেবে মনোনীত হলেন গ্রাম পঞ্চায়েতের সদস্যা বিজলী খাতুন বিবি। এদিনের এই প্রধান নির্বাচনকে সামনে রেখে যথেষ্ঠ উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা গীতালদাহ জুড়ে। তবে তা মোকাবিলায় প্রশাসনের ভূমিকায়ও ছিল ইতিবাচক। গোটা গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে কার্যত জারি রাখা হয়েছিল ১৪৪ ধারা। যে কোনো পরিস্তিতি মোকাবিলায় ঘটনাকেন্দ্রে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার, দিনহাটা থানায় আইছি, দিনহাটা এসডিপিও প্রমুখ পুলিশ কর্তারা।
এদিন বেলা ১২ টায় প্রধান নির্বাচনের সময় থাকলেও তার অনেক আগেই কড়া পুলিশি নিরাপত্তায় গ্রাম পঞ্চায়েত অফিসে প্রবেশ করেন ৬ পঞ্চায়েত সদস্য। পরে দিনহাটা ১ ব্লক বিডিও এর উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। বিডিও জানান, পঞ্চায়েত আইন মেনেই আজকের এই প্রধান গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে ৬ পঞ্চায়েত সদস্যের পক্ষে বক্তার আলী সংবাদমাধ্যমে জানান, তারা ৬ পঞ্চায়েত সদস্য মিলে বিজলী খাতুন বিবির নাম প্রধান হিসেবে প্রস্তাব করে এবং অন্যদিকে দিকে বাকিরা রশিদা বিবি নামে অপর এক পঞ্চায়েত সদস্যার নাম প্রস্তাব করলে তিনি তার নাম প্রত্যাহার করে নেন এবং বিজলী খাতুন বিবি প্রধান হিসেবে নির্বাচিত হন। তবে নব নিযুক্ত প্রধান বিজলী খাতুন দলের গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করে জানান, প্রাক্তণ প্রধান আবু আল আজাদ দুর্নীতির সঙ্গে জড়িত, যেকোনো সিদ্ধান্ত একাই নিতেন তাই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করে তাকে তার পদ থেকে অপসরিত করা হল।
এদিকে প্রধান গঠনকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত অফিসের অদূরেই ব্যাপক বোমাবাজি শুরু হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিশাল পুলিশ বাহিনী আর তার পরেই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। যদিও পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য গত ২৯ শে নভেম্বর গীতালদাহ ১ গ্রাম পঞ্চায়েতের ৬ পঞ্চায়েত সদস্যের ডাকা অনাস্থা প্রস্তাবের পক্ষে তলবি সভার মাধ্যমে অপসারিত হন প্রাক্তন প্রধান আবু আল আজাদ। আর আজ তার জায়গায় নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন বিজলী খাতুন বিবি।
এদিকে গীতালদাহ ১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের অপসারণ ঘিরে প্রকাশ্যে এসেছিল জেলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। তবে আজকের এই প্রধান নির্বাচনের পর সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বসুনিয়া বনাম জেলা তৃণমূল সভাপতির বিবাদ কোন জায়গায় যায় সেটার অপেক্ষায় জেলার রাজনৈতীক মহল।
0 Comments