পানাগড়ে বিহারগামী বাস থেকে উদ্ধার ৩০ টি তাজা বোমা

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, কুলটি: আবারও চলন্ত বাস থেকে বোমা উদ্ধার হওয়ার ঘটনা ঘটলো রাজ্যে। জানা গেছে বিহারের গয়াগামী একটি বাস থেকে উদ্ধার হয় ওই ৩০ টি তাজা কৌটো বোমা। মঙ্গলবার রাতে গোপনসুত্রে খবর পেয়ে মিলিটারির গোয়েন্দা বিভাগ ও কুলটি থানা পুলিশ যৌথভাবে তল্লাশি চালায় বাংলা ঝাড়খন্ড সীমান্তে ডুবুরডি চেকপোষ্টে। আর সেই সময় বাস থামিয়ে তল্লাশি করার সময় উদ্ধার হয় ওই বোমা গুলি। এদিকে এঘটনার জেরে বেশ কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করে পুলিশ। 

জানা গেছে গতকাল রাতে কলকাতার বাবু ঘাট থেকে একটি যাত্রীবাহী বাস বিহারের গয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময় পানাগড়ের মিলিটারি ক্যাম্পে গোয়েন্দা বিভাগে গোপনসুত্রে খবর আসে ওই বাসে বোমা পাচার করা হচ্ছে। আর তারপরেই বাসটিকে পিছু ধাওয়া করে ভারতীয় সেনারা। পরে বাংলা ঝাড়খন্ড সীমান্তে ডুবুরডি চেকপোষ্টে বাসটিকে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দার করায়।আর সেই সময় পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় ওই ৩০ টি তাজা কৌটো বোমা। আর এঘটনার পরেই রাতেই বাসটিকে চৌরঙ্গী ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। এদিকে পুলিশ সুত্রে জানা গেছে ওই ব্যাগে একটি চিরকুট পাওয়া গেছে। যে চিরকুটে লেখা থেকে জানা গেছে ,ঝাড়খন্ডে সফি মহম্মদ ভাই নামে কারও কাছে পাঠানো হচ্ছিলো উদ্ধার হওয়া ওই বোমাগুলি। পাশাপাশি তাতে লেখা আছে কলকাতার দুই ব‍্যক্তির নামও। লেখা রয়েছে একটি কোড নম্বর ১২৪৬১। আর এই সমস্ত কিছু নিয়েই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

0 Comments