রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: করোনা মহামারী ঠেকাতে রাজ্যে বিধিনিষেধের পাশাপাশি স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ধাপে ধাপে ছন্দে ফিরেছে রাজ্য। চালু হয়েছে বাস সহ অন্যান্য গণ পরিবহনগুলি। কিন্তু রাজ্যে এখন পর্যন্ত চালু হয়নি লোকাল ট্রেন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আর তাই দ্রুত লোকাল ট্রেন পরিসেবা চালু করা, স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খোলা, সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ফি কম করা সহ সাত দফা দাবি নিয়ে বুধবার মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল এসএফআই পশ্চিম বর্ধমান জেলা কমিটি।
এদিন সকালে আসানসোলের বিএনআর মোড় থেকে একটি মিছিল করে তারা স্মারকলিপি দেয় মহুকুমা শাসককে।
এদিন স্মারকলিপি দেবার আগে এস এফ আই পশ্চিম বর্ধমান জেলা কমিটির নেতা রাহুল মণ্ডল বলেন, আজ আমরা মহুকুমা শাসকের দপ্তরে বেশ কয়েকটি দাবি নিয়ে স্মারকলিপি দিতে এসেছি। যার মধ্যে অন্যতম রাজ্যে অবিলম্বে স্কুল কলেজ খুলতে হবে, পাশাপাশি যেহেতু এখন করোনা পরিস্থিতি চলছে। সবাইকে ভ্যাকসিনেশন করে স্কুল স্যানিটাইজার করে স্কুল খুলতে হবে। কারণ এই দুই বছর স্কুল কলেজ বন্ধ থাকার জন্যে বিশেষ করে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। তাছাড়াও আদিবাসী এলাকায়, যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে অলচিকি ভাষায় পড়ানো হয় না। অথচ রাজ্য সরকার বিগত কয়েক বছর ধরে অলচিকি ভাষায় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
পাশাপাশি তিনি আরও বলেন, অথচ রাজ্যের যে বিশ্ববিদ্যালয় গুলি রয়েছে সেগুলিতে অলচিকি ভাষায় পড়াশোনা হচ্ছে। তাছাড়াও এই লকডাউনে অধিকাংশ পরিবারের আর্থিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। আর এই পরিস্থিতে রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে যে হারে ফি বৃদ্ধি হচ্ছে তাতে কি ভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ভর্তি হতে পারবে ওই সমস্ত পরিবারের ছেলে মেয়েরা। আর এই সমস্ত সাত দফা দাবি নিয়েই এদিন তারা স্মারকলিপি দেয় মহুকুমা শাসকের দপ্তরে।

0 Comments