নাজিম আক্তার, চাঁচল: জমি নিয়ে বিবাদের জেরে চাকু দিয়ে গাল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে কাকাতো ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদহের চাঁচল থানার গোবিন্দ পাড়া এলাকায়। শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ব্যক্তি সুলভ দাস।
পুলিশ সূত্রে জানা যায় সুলভ দাস ও ৪ ভাইবোনেরা বাবার সম্পত্তি বিক্রি করে দেন। আর তাই নিয়ে কাকাতো ভাইদের সঙ্গে বিবাদ হয়। মাসখানেক ধরে চলে বিবাদ। বৃহস্পতিবার রাতে কাকাতো ভাই দের মধ্যে তিনজন হঠাৎ করে তার উপরে চড়াও হয়। চাকু দিয়ে তার গাল কেটে দেওয়া হয় ও তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও মারধর করে বলে অভিযোগ। রাতেই গুরুতর অবস্থায় আহত সুলভ দাসকে মালতিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। তার গালে তিনটি সেলাইও করা হয়েছে বলে খবর। ওই পরিবারের পক্ষ থেকে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছেন আহত ব্যক্তি সুলভ দাস ও তার পরিবার। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

0 Comments