প্রধানমন্ত্রী ও যোগী আদিত্যনাথকে অশালীন মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের হল ওয়েইসির বিরুদ্ধে!

 



নিউজ ডেস্ক: জনসভায় সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ; উত্তরপ্রদেশে এফআইআর দায়ের হল এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েইসির বিরুদ্ধে।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে অশালীন মন্তব্যে করেছেন আসাদুদ্দিন ওয়েইসি। কেবল এই অভিযোগই নয়, তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি দেওয়া ও কোভিড বিধি ভাঙার অভিযোগও আনা হয়েছে।


উত্তরপ্রদেশের নির্বাচন আগামী বছর। সেজন্যই তিনদিনের প্রচারে রাজ্যে এসেছিলেন ওয়েইসি। তাঁর দল নির্বাচনে ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অভিযোগ, বৃহস্পতিবার কাটরা চন্দনায় এক জনসভায় দলের হয়ে প্রচার করার সময়ই ওয়েইসি সাম্প্রদায়িক উসকানিমূলক কথাবার্তা বলেন।


বারাবাঁকির পুলিশ সুপারিটেন্ডেন্ট যমুনা প্রসাদ বলেন, ”ওঁর ভাষণে সাম্প্রদায়িক উসকানি ছিল। উনি দাবি করেছেন, ১০০ বছরের পুরনো রাম সানেহি ঘাটের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এমনকী ধ্বংসস্তূপও সরিয়ে দেওয়া হচ্ছে। এটা সত্য়ের বিকৃতি। এই ধরনের মন্তব্য করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন ও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিতে চেয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন ওয়েইসি।”


ওয়েইসি খোঁচা দিয়ে বলেছেন, ”বিজেপি নেতারা মুসলিম মহিলাদের বিরুদ্ধে হওয়া অবিচারের কথা বলেছেন তিন তালাক প্রসঙ্গে। কিন্তু দেশের হিন্দু মহিলাদের দুর্দশা সম্পর্কে তাঁরা পুরোপুরি নীরব।” 


এরপরই তিনি বলেন, ”আমার বউদি (প্রধানমন্ত্রীর স্ত্রী) একা গুজরাটে থাকেন। তাঁর বিষয়ে কোনও উত্তর নেই কারও কাছে।” ওয়েইসির এই ধরনের মন্তব্যের বিরুদ্ধেই অবমাননামূলক মন্তব্যের অভিযোগ আনা হয়েছে।

Post a Comment

0 Comments