রামকৃষ্ণ চ্যাটার্জী, চিত্তরঞ্জন: দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে একাদশীর দিন চিত্তরঞ্জনের এক আবাসন থেকে উদ্ধার হল ঝুলন্ত মৃতদেহ। আর এঘটনার পরেই গোটা এলাকায় ছড়ায় উত্তেজনা। কারণ মৃত ব্যক্তি রূপনারায়ানপুর চিত্তরঞ্জন এলাকার অত্যন্ত পরিচিত ব্যক্তি বিনয় মোদক (৬৫) নামের এক লজ মালিক। বিনয় মোদক পেশায় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার প্রাক্তন কর্মী ছিলেন বলেও জানা গেছে। কিন্তু বর্তমানে তিনি রূপনারায়নপুরের সপ্তর্ষি লজের মালিকও ছিলেন।
গলায় দড়ি দেওয়া অবস্থায় আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয় চিত্তরঞ্জনের আবাসন থেকে। তবে যেভাবে তার দু'টি পা মাটিতে ঠিকে রয়েছে, তাতে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। চিত্তরঞ্জন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
সূত্রে অনুযায়ী জানা যায় যে বিনয় মোদক রূপনারায়ণপুর এলাকায় থাকতেন। কিন্তু তার ছোট ভাই মনোরঞ্জন মোদক নবমীর দিন দুর্গাপুর গিয়ে ছিলেন তাই তিনি তার ছোট ভাইয়ের ফাঁকা আবাসনে গিয়ে রাতে থাকছিলেন। আর সেই আবাসন থেকেই আজ সকালে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু আবাসনের দরজায় তালা দেওয়া ছিল। এই অঘটনের সংবাদ পেয়েই মৃত বিনয় মোদকের ছোট ভাই দুর্গাপুর থেকে সকালেই ফিরে আসেন। তিনি পুলিশের কাছে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছেন, তবে সেখানে তিনি জানিয়েছেন তার দাদা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, মানসিক অবসাদে ভুগছিলেন। পুরো ঘটনার জোর কদমে তদন্ত শুরু করেছে চিত্তরঞ্জন থানার পুলিশ।
0 Comments