বিধায়ক জগদীশ বসুনিয়ার বিরুদ্ধে নালিশ জানতে কোলকাতা যাচ্ছেন তৃণমূলের একাধিক ব্লক সভাপতি




কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তে আবার চাপের মুখে সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বসুনিয়া। এবার আর জেলা বা ব্লক স্তরে নয়, বিধায়ক জগদীশ বসুনিয়ার বিরূদ্ধে দলের নিয়ম ভঙ্গের অভিযোগে একেবারে কোলকাতা যাচ্ছেন কোচবিহারের তৃণমূল কংগ্রেসের একাধিক ব্লক সভাপতি।


আজ কোচবিহারে দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গিরিন্দ্র নাথ বর্মন, চেয়ারম্যান উদয়ন গুহ, পার্থ প্রতিম রায়, আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জেলার ব্লক সভাপতিদের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্যে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সব দিক ঠিক থাকলে তারা চলতি ডিসেম্বর মাসেই কলকাতা যেতে পারেন।


কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ জানায়, বিধায়ক একাধিক দল বহিষ্কৃত নেতাদের নিয়ে বিভিন্ন জায়গায় সভা মিটিং করে ঘুরছেন। এমনকি প্রকাশ্য সমাবেশ থেকে জেলা সভাপতির বিরুদ্ধে নানান তোপ দাগছেন। আর তাতে জেলায় তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।


জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র শিবপদ পাল সাংবাদিকদের জানান, সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বসুনিয়া যেভাবে দলের জেলা সভাপতি ও চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক ভাষায় আক্রমণ করছেন তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলার বিভিন্ন ব্লক সভাপতিরা এবার কোলকাতা গিয়ে রাজ্য নেতৃত্বের কাছে নালিশ জানবে।




Post a Comment

0 Comments