নাজিম আক্তার, মালদা: করোনাকালে স্কুলে পাঠদানের নয়া মডেল তৈরি করে আজ ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন মালদহের শোভানগর হাই স্কুলের প্রধান শিক্ষক ড. হরিস্বামী দাস। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে পুরস্কৃত করবেন।
গত বছর লকডাউন শুরু হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। তাঁদের মানসিকভাবে চাঙ্গা রাখতে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করেছেন হরিস্বামীবাবু এবং তাঁর সহ শিক্ষকরা। চলতি বছরে তিনি ‘হাইব্রিড লার্নিং’ পদ্ধতি শুরু করার জন্য দিল্লীকে আবেদন জানান।
করোনা পরিস্থিতিতে অর্ধেক পড়ুয়া স্কুলে এবং অর্ধেক বাড়িতে থেকে কীভাবে পড়াশোনা করতে পারবেন, তা নিয়ে একটি মডেল তৈরি করেছেন তিনি। পাশাপাশি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রত্যেকটি বইয়ের কিউআর(QR) কোড তৈরি করেছেন।
ফলে শিক্ষার্থীরা যেখানেই থাকুক না কেন,শুধু স্মার্ট ফোন থাকলেই যেকোনও বই পড়ে ফেলতে পারছেন। যা পছন্দ হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের।
জানা যায় হরিস্বামীবাবু মালদার শোভানগর হাইস্কুলের দায়িত্ব নেওয়ার পর স্কুলটি ২০১৫ সালে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিল। ২০১৮ সালে শিশুমিত্র পুরস্কার পেয়েছিল। ২০১৯ সালে পায় যামিনী রায় পুরস্কার। শিক্ষামন্ত্রকের তরফে ২০২০ সালে হরিস্বামী দাসকে জল সংরক্ষণ ও নিখরচায় শিক্ষণ সামগ্রী তৈরির জন্য দু’বার জাতীয় পুরস্কার দেওয়া হয়।


0 Comments