শিল্পী সনাতন দিন্দা এবার দুর্গার ছবি এঁকে মানুষের রোষের মুখে পড়েছেন। শিল্পী সনাতন দিন্দা সম্প্রতি ‘মা আসছেন’ শিরোনামে একটি ছবি এঁকেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশের পরেই ক্ষুব্ধ কিছু মানুষ।
শিল্পী আঁকা ছবিতে দেখা গিয়েছে, এক নারীর মুখ এঁকেছেন। কপালে ত্রি–নেত্র, মাথা ঢাকা হিজাবে, মুখে নিকাব। চারকোল ড্রাই প্যাস্টেল ব্যবহার করা হয়েছে। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। এমন সময় ‘মা আসছেন’ শিরোনামে এই ছবিতে আসলে দেবী দুর্গাকে বোঝানো হয়েছে, দাবি নেটিজেনদের।
একটি বাংলা দৈনিক কে দেওয়া সাক্ষাৎকারে সনাতন দিন্দা বলেন, ‘কোনও দেবী নয়, আমি মা এর ছবি এঁকেছি। দেশ কালের গণ্ডি পেরিয়ে আমাদের সবার মা। যাঁরা হিজাব আর নিকাবের কথা বলছেন, আমি তাঁদের অশিক্ষিত বলব। একটি আবরণ যাকে vail বলা যেতে পারে আমি তাই এঁকেছি। ওরা আমাকে খুনের হুমকি দিচ্ছে। আমার মেয়েকে তুলে নিয়ে যাবে বলছে। আমি আতঙ্কে রয়েছি। আজ অথবা কাল পুলিশের কাছে অভিযোগ জানাব। তারপরেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব।’
এমনকি তার আরও বক্তব্য, ‘বিজেপি মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট এটা নিয়ে অযথা জলঘোলা করেছেন। তারপরেই আমার ওপর ঝাঁপিয়ে পড়েছে বিজেপির আইটি সেল।’ সনাতনের অভিযোগের তির যাঁর দিকে, তিনি বিজেপি নেত্রী কেয়া ঘোষ।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে সনাতনের আঁকা ছবি পোস্ট করে কেয়া লেখেন, ‘শিল্পী(?) সনাতন দিন্দার আঁকা হিজাব পরা মা দুর্গাকে দেখে সত্যিই চমকে উঠেছিলাম।"
কেয়া ঘোষ জানিয়েছেন, ‘কপালে ত্রিনয়ন, আবার হিজাব ও নিকাব রয়েছে। বোঝাই যাচ্ছে উনি আফগান মহিলাদের প্রতি সহমর্মিতা জানিয়ে এই ছবি এঁকেছেন। ওনার সহানুভূতি, সহমর্মিতা থাকতেই পারে কিন্তু সেই কারণে অসংখ্য মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও অধিকার নেই ওনার। তবে যদি কেউ সত্যি খুনের হুমকি দিয়ে থাকে উনি সেই প্রমাণ নিয়ে পুলিশের দ্বারস্থ হন। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে উনি নিজেই এই বিষয়ের মধ্যে রাজনীতি টেনে আনছেন।’

0 Comments